পুবের কলম ওয়েব ডেস্ক: স্কুলের ঠিক বাইরেই ছুরি নিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। হামলায় তিন শিশুসহ আহত হন ৫জন। আর এই ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা বেধে যায় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। দোকানপাট লুট থেকে শুরু করে বাস-গাড়ি জ্বালিয়ে দেওয়া ও পুলিশের ওপর হামলা, বাদ যায়নি কিছুই।
আরও পড়ুন:
বিক্ষোভকারীদের দাবি, শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের তাড়াতে হবে আয়ারল্যান্ড থেকে। ঘটনার সূত্রপাত স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ। ডাবলিনের পার্নেল স্কোয়ারে একটি স্কুলের বাইরে শিশুসহ বেশ কয়েকজনের ওপর ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে রয়েছে শিশুরাও৷ ঘটনাস্থলে জনসাধারণই ওই হামলাকারীকে নিরস্ত্র করে।
সেই সময় হামলাকারীও আহত হয়।আরও পড়ুন:
পুলিশ জানায়, আততায়ীর বয়স পঞ্চাশের ঘরে। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় হামলাকারীর নাগরিকত্ব নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। আর এরপরই ডাবলিনের ও’কনেল স্ট্রিটকে কেন্দ্র করে সহিংসতা ছড়ায়। রাস্তায় নেমে আসেন শরণার্থী বিরোধী বিক্ষোভকারীরা। ‘শরণার্থীদের বের করে দাও’ বলে, স্লোগান দিতে থাকেন তারা। কেউ কেউ ‘আইরিশ লাইভস ম্যাটার’ লেখা পোস্টারও এনেছিলেন। দ্রুতই সহিংসতায় রূপ নেয় সেই বিক্ষোভ।
আরও পড়ুন:
ড্যানিয়েল ও’কনেলের মূর্তির সামনে একটি ডবল ডেকার বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
কাছাকাছি অবস্থিত বেশ কয়েকটি দোকান ও রেস্তোরাঁয় ভাঙচুর চলে। বেশ কয়েকটি দোকানে লুটপাটও করে বিক্ষোভকারীরা। দাঙ্গা রোধে প্রায় ৪০০ পুলিশ মোতায়েন করা হয় সেখানে। এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। পুলিশের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। পুলিশকে লক্ষ্য করে কাচের বোতল, পাথর, এমনকি আতশবাজি ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা।আরও পড়ুন:
প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টা নাগাদ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এরপর বন্ধ রাখা হয় ও’কনেল স্ট্রিটের যান চলাচল। সেখানে অবস্থিত একটি হাসপাতালেও মানুষকে না আসার পরামর্শ দেয় আইরিশ পুলিশ।
দাঙ্গা পরিস্থিতি সৃষ্টির জন্য ‘অতি-ডানপন্থীদের’ দায়ী করেছেন পুলিশ কমিশনার ড্রু হ্যারিস। তিনি বলেছেন, ‘এই দৃশ্য কলঙ্কজনক। এই চরম সহিংসতার পেছনে রয়েছে একটি অতি-ডানপন্থী মতাদর্শের সম্পূর্ণ উন্মাদ ও গুন্ডা প্রকৃতির গোষ্ঠী। তারা ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে।’আরও পড়ুন:
আইরিশ বিচারমন্ত্রী হেলেন ম্যাকান্টি বলেছেন, ‘একদল অপরাধী এই হামলাকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে। শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য পুলিশ সম্ভাব্য সব রকম শক্তিকে কাজে লাগাচ্ছে। এটা সহ্য করা হবে না।’ ডাবলিনে এমন দাঙ্গা বা সহিংসতা প্রায় নজিরবিহীন। আইরিশ সংসদে কোনও অতি ডানপন্থী দল বা রাজনীতিবিদ নেই। তবে গত কয়েক বছরে সেই দেশে শরণার্থী বিরোধী ছোট ছোট বিক্ষোভের সংখ্যা ক্রমে বাড়ছে।
আরও পড়ুন: