পারিজাত মোল্লা: ফের সিবিআইয়ের প্রতি বিস্ফোরক মন্তব্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সিবিআই 'ফেল' করেছে সারা ভারতবর্ষ জানুক! প্রাথমিকের ওএমআর শিট মামলায় মঙ্গলবার এমনই মন্তব্য করে সিবিআইয়ের সিটের প্রধানে তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ, 'আগামী ২৭ সেপ্টেম্বর দুপুর ২টোয় তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে। তদন্তের গাফিলতির কারণ সিটের প্রধানকে জানাতে হবে'।
ওএমআর শিট মামলায় সিবিআই যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল আদালতে তা দেখে প্রচণ্ড অসন্তুষ্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়।আরও পড়ুন:
এদিন বিচারপতি বলেন, 'তদন্ত রিপোর্ট দেখার পর বলতে হচ্ছে, সিবিআই সম্পূর্ণ ব্যর্থ হয়েছে'। এটা ছাড়া বিকল্প কিছু বলার মতো পাচ্ছেন না তিনি। এই মামলায় সিবিআইয়ের পারফরম্যান্স খুবই খারাপ। এর চেয়ে উলুবেড়িয়া থানাকে কেসটা দিলে ভাল হত!
তা জানিয়েছেন বিচারপতি। একটা সাধারণ প্রশ্ন সিবিআই ঠিক মতো করেনি। এছাড়া কেস ডায়েরিতে অনেক তথ্য উল্লেখ করা হয়নি।আরও পড়ুন:
গত সোমবার মানিক ভট্টাচার্য সংক্রান্ত এক মামলায় বিচারপতি 'বোঝাপড়া'র প্রসঙ্গ তুলেছিলেন। এদিন প্রধানমন্ত্রীর দফতরে সিবিআই সম্পর্কে নালিশ করার ভাবনা নিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
বিচারপতি জানিয়েছেন, 'তিনি বিশ্বাস করেন না সিবিআইয়ের আধিকারিকরা বোকা। তাঁরা অত্যন্ত চালাক'। সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে কি আবার তদন্তের নির্দেশ দিতে হবে, প্রশ্ন তোলেন তিনি। তাঁর তীব্র প্রতিক্রিয়া, 'সিবিআইয়ের অফিসাররা লজ্জাহীন। আগে সিবিআই শুনলে লোকে ভয় পেত, এখন হাসে'। আগামী ২৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।