পুবের কলম, ওয়েবডেস্ক:   রোহিনীর পর ফের দিল্লির সাকেত আদালতে চলল এলোপাথাড়ি গুলি। বরখাস্ত আইনজীবীর গুলিতে গুলিবিদ্ধ এক মহিলা সাক্ষী সহ আরও এক আইনজীবী। বর্তমানে দুজনেই বিপদমুক্ত। দিল্লির সাকেত আদালতের এই ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা। শুক্রবার সাড়ে ১০টা নাগাদ আদালত চত্বরে মোট চার রাউণ্ড গুলি চলে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।

মোবাইলে তোলা একটি ভিডিয়োতে দেখা গেছে, বন্দুকধারীর সঙ্গে ঘটনার আগে ওই মহিলা ঝগড়া করছেন। এর পরেই তার দিকে লক্ষ্য করে গুলি ছোড়েন ওই বন্দুকধারী। গুলি লাগে মহিলার পেটে ও হাতে।

পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আর্থিক বচসা সংক্রান্ত প্রতারণার একটি মামলায় সাক্ষী দিতে আদালতে এসেছিলেন ওই মহিলা। হঠাৎ আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে থাকে।

ডিসিপি(সাউথ) চন্দন চৌধুরী জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ আদালত চত্বরে গুলি চলে।

গুলিবিদ্ধ ৪০ বছর বয়সী মহিলার নাম এম রাধা। তার পেটে আর একটি হাতে গুলি লেগেছে। ঘটনার পরেই পুলিশ তাকে তড়িঘড়ি সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আইনজীবী ও মহিলা দুজনেই বিপদমুক্ত।