পুবের কলম, ওয়েবডেস্ক: কেরলে ফের সামনে এল একটি মর্মান্তিক ঘটনা। সরকারি বাসভবন থেকে সিনিয়র কাস্টম অফিসার, তাঁর মা ও বোনের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কেরলের কোচিতে। খুন না কি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ কেরল পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন ৪৪ বছর বয়সী মনীশ বিজয়, তার ৩৫ বছর বয়সী বোন শালিনী বিজয় এবং তাদের মা শকুন্তলা।
তিনজনের পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে।আরও পড়ুন:
জানা গিয়েছে, মনীশ বিজয় কেন্দ্রীয় আবগারি ও কাস্টমস বিভাগের অধীনে অতিরিক্ত কমিশনার পদে কর্মরত ছিলেন এবং কোচির সরকারি কোয়ার্টারে বসবাস করতেন। তার পরিবার ঝাড়খণ্ডের বাসিন্দা ছিল। চারদিন আগে অফিস থেকে ছুটি নিয়েছিলেন মণীশ। তবে ছুটি শেষ হয়ে গেলেও অফিসে না যাওয়ায় তাঁকে ফোন করেন সহকর্মীরা।
মণীশকে ফোনে না পেয়ে সরকারি বাসভবনে আসেন বন্ধুরা। বাড়ির কাছে পৌঁছতেই পচাগন্ধ পান সহকর্মীরা। ঘরের খোলা জানলা থেকে উঁকি মারতেই সিলিং থেকে একটি দেহ ঝুলতে দেখেন বন্ধুরা। সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে। পরে পুলিশ এসে দরজা খুলে বাড়ির ভেতর প্রবেশ করে এবং তিনজনের মরদেহ উদ্ধার করে।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, মনীশ ও তার বোন শালিনীকে আলাদা ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আর তাদের মা শকুন্তলার মৃতদেহ বিছানায় পড়ে ছিল। প্রবীণ মহিলার দেহ একটি সাদা কাপড়ে মোড়ানো ছিল এবং পাশে ফুল রাখা ছিল। একটি ঘর থেকে উদ্ধার হয়েছে চিঠিও।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, শালিনী ঝাড়খণ্ডে একটি আইনি মামলায় জড়িত ছিলেন এবং সেটি নিয়েই মনীশ কিছুদিন ধরে ছুটিতে ছিলেন। পুলিশ তদন্ত চালাচ্ছে এবং শিগগিরই ঘটনার আসল কারণ উদ্ঘাটিত হবে বলে জানানো হয়েছে। আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা ফরেনসিক পরীক্ষার রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে।