পুবের কলম ওয়েব ডেস্কঃ নিউ ইয়র্কের স্কুল  ক্যাফেটেরিয়ায় মুসলিম শিক্ষার্থীদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করা হয়েছে। নিউ ইয়র্ক মেয়র কার্যালয় ও  কাউন্সিলের তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় মুসলিম কমিউনিটি ও শিক্ষার্থীরা। কাউন্সিল অন অ্যামেরিকান ইসলামিক রিলেশন্স (সিএআইআর)-এর নির্বাহী পরিচালক আফাফ নাশির এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সব ধর্মের শিক্ষার্থীরা তাদের ধর্মীয় নির্দেশনা মেনে দুপুরের খাবার গ্রহণের অধিকার রাখে।

 

জানা যায়, হালাল খাবার না মেলায় দীর্ঘদিন ধরেই নিউ ইয়র্কের স্কুলের ক্যাফেতে দুপুরের খাবার খেতে পারত না মুসলিম শিক্ষার্থীরা। দিনের পর দিন না খেয়ে থাকতে হতো তাদের। এ কারণেই স্কুলে হালাল খাবারের ব্যবস্থা করেছে নিউ ইয়র্কের মেয়র কার্যালয়।

 

এ বিষয়ে সিএআইআর বলেছে, স্কুলের শিশুসহ সব শিক্ষার্থীর জন্য মুসলিম কমিউনিটির প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই।
বর্তমানে নিউ ইয়র্কে হালাল খাবারের ব্যবস্থা রয়েছে ৭৯টি  স্কুলে।

এসব স্কুলের খাবারের ওপর বড় অক্ষরে হালাল লেখা থাকে। হালাল একটি আরবি শব্দ। এর অর্থ হল, ইসলামি  নির্দেশনা অনুযায়ী কোনও নিষিদ্ধ বস্তু এই খাবারে নেই। চলতি বছরের শুরুতে ব্রেন্টউড ইউনিয়ন ফ্রি স্কুল,  ডিস্ট্রিক্ট নিজেদের সব স্কুলে হালাল খাবারের ব্যবস্থা করেছে। গত বছর আটলান্টিক সিটি স্কুল ডিস্ট্রিক্ট প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে হালাল খাবার পরিবেশন শুরু করে।