পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর মামলায় ইতিহাস গড়ে বুধবার সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির সময় আইনজীবীদের পাশে সামনের সারিতে দাঁড়িয়ে পাঁচ মিনিট সময় নিয়ে বক্তব্য রাখেন তিনি।

মমতা বলেন, “আমি পশ্চিমবঙ্গের মানুষের হয়ে বলছি। এসআইআর পদ্ধতিতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। কেউ বিয়ে করে অন্যত্র গেলে, কেউ ঠিকানা বদলালে, তাঁদের নাম কেটে দেওয়া হচ্ছে।
এতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি কমিশনকে ছ’টি চিঠি লিখেছি, একটিরও উত্তর পাইনি। সুবিচারের জন্য কাঁদছি।”

তিনি আরও অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর এই সরাসরি সওয়াল আদালত চত্বরে নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবেই বিবেচিত হচ্ছে।