পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার  সকাল সাতটা থেকে শুরু হয়েছে  উত্তর -পূর্ব  ভারতের  দুই  রাজ্য মেঘালয়  ও ন্যগাল্যান্ডের ভোটগ্রহণ।  এই দুটি  পাহাড়ি রাজ্যেই  বিধানসভায় মোট আসন ৬০টি করে।  তবে সোমবার  দুটি  রাজ্যেরই মোট ৫৯ টি করে  আসনে নির্বাচন  হচ্ছে।  ভোটগ্রহণ  হবে বিকেল চারটে  পর্যন্ত।

সকাল ৯ টা পর্যন্ত কমিশন  প্রদত্ত  হিসাব  অনুযায়ী শতাংশের হিসেবে  মোট ভোট পড়েছে মেঘালয়ে  ১২.০৬শতাংশ ।

আর নাগাল্যান্ডে ভোট পড়েছে ১৫.৭৬শতাংশ ।

সকাল থেকে শান্তিপূর্ণভাবেই চলছে ভোট পর্ব। মেঘালয়ে মোট ২১লক্ষ ভোটার আজ ৩৬৯জন প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবেন। পাশাপাশি নাগাল্যান্ডে ১৩ লক্ষ ভোটার আজ, ১৮৩ জন প্রার্থীর ভবিষ্যত নির্ধারণ করবেন। এবারে নাগাল্যান্ডের ভোটে বিশেষত্ব হল, মহিলা প্রার্থী।

এখনও পর্যন্ত এই পাহাড়ি রাজ্যে কোনও মহিলা বিধায়ক হননি। এবার আদৌ কোনও মহিলা ৫৯ আসন বিশিষ্ট নাগাল্যান্ড বিধানসভায় স্থান পান কি না সেদিকে নজর থাকবে  সকলের।

দুই রাজ্যের ভোটে যেমন বিজেপির হয়ে প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তেমনই কংগ্রেসের হয়ে প্রচারে নেমেছিলেন রাহুল গান্ধিও। অন্যদিকে, মুকুল সাংমার নেতৃত্বে এই প্রথম মেঘালয়ের বিধানসভা ভোটে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। প্রচারে দু'বার মেঘালয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ে থেকে প্রার্থীদের হয়ে প্রচার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।ত্রিপুরা,  মেঘালয় এবং  নাগাল্যান্ড এই তিন রাজ্যেই ভোট গণনা হবে  ২ রা মার্চ