পারিজাত মোল্লা: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও বহাল রইল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক জরিমানাটি।

সোমবার কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলেন তিনি। তাঁকে ১ লক্ষ টাকা জরিমানার যে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ, তা এদিন বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

আদালত সূত্রে  প্রকাশ ,  গত ২০২১ সালে বিশ্বভারতীর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাইল্ড কেয়ারের জন্য ছুটি মঞ্জুর করা হয়।

অধ্যাপক দেবতোষ সিনহা বিশ্বভারতী কর্তৃপক্ষের নিয়ম মোতাবেকই সেই ছুটির অনুমোদন দেন।

এর এক বছর পরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী অধ্যাপক দেবতোষ সিনহাকে চিঠি দিয়ে চার্জ করেন, কেন তিনি ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ছুটি মঞ্জুরের অনুমোদন করেছিলেন।এর পরেই ওই চিঠিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন অধ্যাপক দেবতোষ সিনহা।

তাঁর আইনজীবী  হাইকোর্টে  জানান -' উপাচার্যের এই চিঠি তাঁর মক্কেলের প্রাপ্য নয়।

দেবতোষবাবু কোনও অন্যায় করেননি ছুটি মঞ্জুর করে'। এই সওয়াল জবাব শোনার পরে বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছিলেন, -' উপাচার্যের পাঠানো ওই চিঠি বাতিল করতে হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে। অনাদায়ে এই জরিমানা পূরণ করতে হবে উপাচার্যকেই'। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রইল।