পুবের কলম প্রতিবেদক: নতুন প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে ‘স্মার্ট’ হয়েছে কলকাতা পুরসভা। তাতে ফলও মিলেছে ভালো। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে নাগরিকদের থেকে ‘পসিটিভ রেসপন্স’ মিলছে। নতুন এই ব্যবস্থায় রাজস্ব আদায়ে অনেকটাই সুবিধা হয়েছে। ফলে আয়ও বেড়েছে পুরসভার।
আরও পড়ুন:
নতুন পুরবোর্ড গঠনের পর মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্যে উঠে এসেছিল রাজস্বের হাঁড়ির হালের প্রসঙ্গ। সেই পরিস্থিতির থেকে পুরভাণ্ডারকে চাঙ্গা করতে একাধিক ‘সিস্টেম’ চালু করে পুরকর্তৃপক্ষ। তার মধ্যে একটি ‘পেপারলেস সিস্টেম’। এই নতুন ব্যবস্থার সুফলও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরা। জানা গিয়েছে, ২০২১ সালের এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের এপ্রিলে অনলাইন পেমেন্ট বেড়েছে হার বেড়েছে উল্লেখযোগ্য ভাবে।
ফলে আয়ও বেড়েছে বেশ খানিকটা। সেক্ষেত্রে আয়ের অর্ধেকের বেশি টাকা জমা পড়েছে অনলাইনে। কলকাতা পুরসভার হিসাব অনুযায়ী, গত বছর এপ্রিলে অনলাইন পেমেন্টে জমা পড়া অর্থের ৩৪ শতাংশই হয়েছে ই-পেমেন্ট মারফত। এবছর সেই হার বেড়ে হয়েছে প্রায় ১১৬ শতাংশ। পুরসভা সূত্রের খবর, ২০২১ সালের এপ্রিল মাসে বিভিন্ন খাতে অনলাইন পেমেন্টে পুরসভার আয় হয় ৭০ কোটি ৭৪ লক্ষ টাকা। সেখানে ২০২২ সালের এপ্রিল মাসে অনলাইন পেমেন্টে পুরসভার ঘরে আসে ১৫২ কোটি ৪৬ লক্ষ টাকা। সবমিলিয়ে এপ্রিলে অনলাইন এবং অফলাইন মাধ্যমে পুর ভাণ্ডারে জমা পড়ে ২৮১ কোটি টাকা।আরও পড়ুন:
উল্লেখ্য, করোনাকালে নাগরিকদের সুবিধার্থে ‘পেপারলেস’ পরিষেবা চালু করে কলকাতা পুরসভা। বর্তমানে প্রায় সব পরিষেবাই অনলাইনে পাওয়া যাচ্ছে। সম্পত্তি কর প্রদান, মিউটেশন থেকে শুরু করে ট্রেড লাইসেন্সেও অনলাইনের সুবিধা রয়েছে। ফলে বাড়ি বসে এক ক্লিকেই টাকা জমা দেওয়ার সুবিধা পাচ্ছে নাগরিকরা। অন্যদিকে দীর্ঘ লাইন দেওয়া বা বারে বারে ঘুরে যাওয়ার হয়রানির হাত থেকেও রেহাই পাওয়া গেছে। একইসঙ্গে লাভবান হয়েছে পুরকর্তৃপক্ষ।