পুবের কলম ওয়েবডেস্ক: দখলদার ইসরাইলের অব্যাহত বর্বরতায় ফের রক্তাক্ত হয়ে উঠল গাজা উপত্যকা। আল জাজিরা জানিয়েছে, রবিবার গাজাজুড়ে ইসরাইলি হামলায় অন্তত ৫৯ জন ফিলিস্তিনির প্রাণ গিয়েছে। এর মধ্যে অন্তত ১৭ জন মানুষ শুধুমাত্র খাবার সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
গাজার মধ্যাঞ্চলের আল-আওদা হাসপাতালের চিকিৎসকরা জানান, কেন্দ্রীয় গাজার ‘নেটজারিম করিডোর’ এলাকায় আমেরিকা ও ইসরাইল-সমর্থিত বিতর্কিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ -এর এক ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন কয়েক ডজন ক্ষুধার্ত মানুষ। সেই সময় বিনা সতর্কবার্তায় ইসরাইলি বাহিনী গুলি চালায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন, আহত হন অনেকে।আরও পড়ুন:
দক্ষিণ গাজার রাফায় আরও একটি ত্রাণকেন্দ্রের সামনে এমনই এক হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫০ জনের বেশি। আহতদের মধ্যে অনেককেই রাফার রেড ক্রস হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আরও পড়ুন:
রবিবার দিনভর দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলাও চালায় ইসরাইল। এতে কমপক্ষে আরও ১২ জন নিহত হন। গাজার উত্তরে বেইত লাহিয়া শহরে একদল মানুষকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় নিহত হন আরও সাতজন। মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরেও হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত আটজন।
আরও পড়ুন:
স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফার তথ্যানুযায়ী, আবাসিক ভবনে চালানো এই হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এই রক্তাক্ত রবিবারের আগের দিন, অর্থাৎ শনিবারেও, অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত হন; যাঁদের মধ্যে অনেকেই ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান।