পুবের কলম ওয়েবডেস্ক: প্রাকৃতিক গ্যাসের খনি থেকে তীব্র গতিতে বেরিয়ে আসছে গ্যাস। পাঁচদিন ধরেও বন্ধ করা যায়নি সেই গ্যাস নিঃসরণ। ঘটনাটি অসমের শিবসাগর জেলার ভাটিয়াপার-বারিচুকে ওএনজিসির গ্যাস খনিতে। ১২ জুন দুপুরে ওএনজিসির একটি রিগ থেকে অস্বাভাবিক গতিতে গ্যাস বেরোতে শুরু করে।
এলাকায় আগে থেকেই ওএনজিসির কাজ চলছিল। তবে হঠাৎ করে এত গতিতে প্রাকৃতিক গ্যাস বেরিয়ে আসায় প্রথমে আতঙ্কিত হন কোম্পানির আধিকারিকরা। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। শুরু হয় একের পর এক চেষ্টা। তবে সোমবার বিকেলে আধিকারিকরা জানিয়েছেন, ৫ দিনের চেষ্টাতেও এই গ্যাস নিঃসরণ আটকানো গেল না। এবার অন্যান্য পদ্ধতি ব্যবহারের চেষ্টা চলছে।আরও পড়ুন:
এই সংকটের মধ্যেও একটা সুখবর রয়েছে। শিবসাগরের বিধায়ক অখিল গগৈ জানিয়েছেন, ওএনজিসি একটি বড় প্রাকৃতিক গ্যাসের ভান্ডার আবিষ্কার করেছে। সেখান থেকেই গ্যাস বেরিয়ে আসছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যদি এখান থেকে প্রাকৃতিক গ্যাস সংগ্রহ করা হয় তাহলে এ থেকে আগামী ২৫ বছর অসমে প্রাকৃতিক গ্যাসের অভাব হবে না।