পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ভোটের মুখে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। ঘাটাল লোকসভার দাসপুর এলাকায় বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হল প্রায় ২৪ লাখ টাকা। বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে এই টাকা উদ্ধার করেছে পুলিশ। খুকুড়দা এলাকায় নাকা চেকিংয়ের সময় এই বিপুল টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

যদিও এই বিপুল টাকা নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল সেই বিষয়ে উত্তর দিতে পারেননি অভিযুক্ত বিজেপি নেতা। পুলিশ জানিয়েছে, 'আমাদের কাছে খবর ছিল নির্দিষ্ট কিছু টাকা একটি লাল রঙের গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছিল। গোটা বিষয়টির উপর আমাদের নজর ছিল। খুকুরদা নাকা পয়েন্টে আমরা গাড়িটির তল্লাশি নিয়েছিলাম।
গাড়িতে ছিলেন প্রশান্ত বেরা। তাঁর থেকে ২৪ লাখ টাকা পাওয়া গিয়েছে।'

 

ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের দলের নেতাদের বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তাঁদের গাড়িতে টাকা রেখে দেওয়া হচ্ছে এবং পরে তা উদ্ধার হয়েছে বলে দেখানো হচ্ছে।’ হিরণের মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল। শাসক দলের বিধায়ক অজিত মাইতি বলেন, ‘হিরণ কি নিজেকে স্বচ্ছ মনে করছেন? এখন প্রমাণিত হচ্ছে কে দুর্নীতিবাজ। এটা বিজেপির টাকা। পুলিশ নির্দিষ্ট খবরের উপর ভিত্তি করে তা উদ্ধার করেছে।’