পুবের কলম ওয়েব ডেস্কঃ চলতি বছরে বিশ্বের অন্তত এক-তৃতীয়াংশ দেশ মন্দায় পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান। আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ‘আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং চিনের অর্থনীতি ধীরগতির হওয়ার কারণেই ২০২৩ সাল অনেক বেশি কঠিন হতে চলেছে।’
আরও পড়ুন:
বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর অর্থনীতির গতি ধীর হয়ে যাওয়ার কারণ হিসেবে ইউক্রেন যুদ্ধ, দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশে দেশে উচ্চসুদহার এবং চিনে করোনা সংক্রমণের উচ্চগতিকে উল্লেখ করেছে আইএমএফ। ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, ‘আমরা আশঙ্কা করছি, বিশ্বের এক- তৃতীয়াংশ দেশ মন্দার কবলে পড়বে। এমনকি এর বাইরেও যেসব দেশ মন্দায় পড়বে না তারাও মন্দার প্রভাব অনুভব করতে পারবে।
’শূন্য কোভিড নীতির কারণে আগে থেকেই প্রায় স্থবির হয়ে থাকা চিনা অর্থনীতি আরও ধীর হয়ে যেতে পারে। কারণ, দেশটি শূন্য কোভিড নীতি প্রত্যাহারের পর দেশটিতে করোনা সংক্রমণের হার আরও বাড়তে শুরু করেছে। তাই ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করেছেন, চিনের জন্য ২০২৩ সাল শুরু থেকেই খুবই কঠিন হতে যাচ্ছে।
আরও পড়ুন:
আইএমএফ প্রধান বলেছেন, ‘আগামী কয়েক মাস চিনের জন্য খুবই কঠিন হবে এবং চিনা প্রবৃদ্ধির ওপর এর প্রভাব হবে নেতিবাচক। আর চিনের এই অবস্থা সামগ্রিকভাবে এই অঞ্চলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং একইভাবে আন্তর্জাতিক প্রবৃদ্ধির ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।’