পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী রাজ্যসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার (৫ মার্চ, ২০২৬) দেশের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক মহলে ছিল টানটান উত্তেজনা। বিহার, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলো থেকে একাধিক শীর্ষস্থানীয় নেতা তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উচ্চকক্ষে যাওয়ার সিদ্ধান্ত ঘিরে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

বিহার থেকে এনডিএ শিবিরের হয়ে পাঁচজন প্রার্থী তাঁদের মনোনয়ন দাখিল করেছেন। এঁদের মধ্যে সবচেয়ে বড় চমক স্বয়ং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
শুক্রবার তিনি মনোনয়ন জমা দিয়েছেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক শিবেশ কুমার, জেডিইউ নেতা রাম নাথ ঠাকুর সহ অন্যান্যরা।

নীতীশ কুমারের এই পদক্ষেপে ক্ষুব্ধ বিরোধীরা। তাঁদের দাবি, জনগণের রায়কে অবমাননা করে এবং সম্ভবত কোনো চাপের মুখে পড়ে তিনি বিধানসভা ছেড়ে রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একে "জনগণের জনাদেশের প্রতি বিশ্বাসঘাতকতা" বলেও কটাক্ষ করেছেন বিরোধী নেতারা।