পুবের কলম ওয়েবডেস্ক : ভিন্ন মেরুতে বাপ-বেটা। ক্ষুব্ধ অন্য শরিকরাও। যার ফলে প্রায় এক সপ্তাহ আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেও মন্ত্রিসভা গঠন করতে পারেননি পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। কয়েক দফা বৈঠকের পরও কোনও সুরাহা হয়নি।
আরও পড়ুন:
ফেডারেল মন্ত্রিসভায় যোগদান প্রশ্নে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। আর ইমরান খানকে পদত্যাগ করতে বাধ্য করার আন্দোলনে যোগ দেওয়া জেআইআই-এফ ও এমকিউএমও মন্ত্রিসভার আসন বণ্টন নিয়ে অসন্তুষ্ট বলে খবর পাওয়া গেছে।
আরও পড়ুন:
একটি সূত্র জানায়, প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভায় তার দলের যোগদানের বিরোধী। তবে পিপিপির চেয়ারম্যান ও তার ছেলে বিলওয়াল ভুট্টো জারদারি ফেডারেল মন্ত্রিসভার অংশ হওয়ার প্রস্তাব সমর্থন করছেন।
জোটে পিএমএল-এন ও পিপিপি হল প্রধান দুই দল। কিন্তু মন্ত্রিসভা ও সাংবিধানিক পদগুলো বণ্টনে তাদের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। দলীয় সূত্র জানায়, পিপিপি চায় তাদের পছন্দের মন্ত্রিত্ব ও সাংবিধানিক পদ। কিন্তু পিএমএল-এন তাদের দাবি মেনে নিতে নারাজ।