পুবের কলম, ওয়েবডেস্ক: ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার আগেই কলকাতায় রাজনৈতিক অশান্তি ছড়াল। উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকায় রাজ্যের মন্ত্রী শশীপাঁজর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, মন্ত্রীর বাড়ির সামনে লাগানো ব্যানার ছিঁড়ে ফেলা নিয়ে গোলমালের সূত্রপাত। এরপর ইট ছুড়ে হামলা চালানো হয় এবং বাড়ির জানলার কাচ ভেঙে যায়। ঘটনায় শশী পাঁজাও সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
সূত্রের খবর, ঘটনার সময় মন্ত্রী বাড়িতেই ছিলেন। পরে তৃণমূল কর্মীরা প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষে আহত হন উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে যায় প্রচুর পুলিশ। শনিবার ব্রিগেডে সভায় যোগ দিতে বিভিন্ন জেলা থেকে বাসে করে বিজেপি কর্মীরা কলকাতায় এসেছিলেন। অভিযোগ, গিরিশ পার্কে মন্ত্রীর বাড়ির সামনে থাকা ‘বিজেপি বয়কট’ লেখা ব্যানার ছিঁড়ে ফেলেন বিজেপি কর্মীরা। সেখান থেকেই উত্তেজনা বাড়তে থাকে। মন্ত্রী শশী পাঁজার দাবি, বাইরে থেকে আসা বিজেপি কর্মীরাই এই হামলা চালিয়েছে। তাঁর অভিযোগ, বাস থেকে নেমে তাঁর বাড়ির সামনে ব্যানার ছিঁড়ে ইট ছোড়া হয় এবং বাড়িতে ভাঙচুর করা হয়। এতে তিনি নিজেও আঘাত পান।
অন্যদিকে বিজেপির অভিযোগ, সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকায় মন্ত্রীর বাড়ির সামনে ব্যানার ছেঁড়ার পর তৃণমূল কর্মীরাই তাঁদের বাস থামিয়ে হামলা চালায়। সেই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের বউবাজার থানার পুলিশ। সংঘর্ষ থামাতে গিয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিকও আহত হন। দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।