পুবের কলম ওয়েব ডেস্কঃ ভয়াবহ পথ দুর্ঘটনা বেহালায়। ঘটনাস্থলে নিহত এক তরুণী। শুক্রবার সকাল ৯ টা ৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে বলেই খবর ।

স্থানীয় সূত্রে খবর, অ্যাপ মোটরবাইকে চেপে অফিসে যাচ্ছিলেন ওই তরুণী। তখনই ওই মোটরবাইকে ধাক্কা মারে সিমেন্ট মিক্সিং একটি লরি। তখনই বাইক থেকে ছিটকে পড়েন ওই তরুণী।
সকাল সকাল এহেন ঘটনায় এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যায় পথযাত্রীরা। তড়িঘড়ি করে ওই তরুণীকে উদ্ধার করে স্থানীয়রা। দুর্ঘটনার পরেই তাঁকে বিদ্যাসাগর এসজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাইক চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ মৌলীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, মৃত ওই তরুণীর নাম মৌলি অধিকারী। বয়স ২৩ বছর। বেহালার পাঠকপাড়ায় থাকতেন। কর্মসূত্রে বেহালায় থাকলেও পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা তিনি। কলকাতায় কেপিসি মেডিক্যাল কলেজে নার্সিংয়ের ক্লিনিকাল টিউটর ছিলেন মৌলি।

ঘাতক লরিটিকে এখনও আটক করা যায়নি।
তবে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে বিস্তারিত ব্যবস্থা নেওয়া হবে বলেই জানা যাচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, এসএন রায় রোডে যে পথ দুর্ঘটনা ঘটেছে তাতে ওই লরি গিয়ে ধাক্কা মারে মোটরবাইকে। তাতেই রাস্তায় ছিটকে পড়েন তরুণী। আর তার জেরে হাতে, পায়ে চোট লেগেছে তাঁর। পরে মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে এগিয়ে আসেন সাহায্য করতে।