পুবের কলম ওয়েবডেস্ক: রাজধানী দিল্লিতে আবারও বোমাতঙ্ক ছড়াল। শনিবার সকালে দ্বারকার দিল্লি পাবলিক স্কুল, কৃষ্ণ মডেল পাবলিক স্কুল এবং সর্বোদয় পাবলিক স্কুলসহ নজফগড় এলাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার হুমকি আসে। সেই সময় পরীক্ষায় ভিড় থাকায় আতঙ্কে পড়েন অভিভাবক ও শিক্ষার্থীরা। সকাল ৬টা ৩০ মিনিটে নজফগড়ের একটি স্কুল থেকে ফায়ার সার্ভিসে ফোন আসে।
খবর পেয়ে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা বন্ধ করে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেয়।আরও পড়ুন:
উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসেই রাজধানীতে এ নিয়ে তিনবার বোমাতঙ্কের ঘটনা ঘটল। এর মধ্যে দু’বার নিশানা করা হয়েছে বিভিন্ন স্কুলকে। যদিও পূর্ববর্তী সব ঘটনাই ভুয়ো বলে প্রমাণিত হয়েছে।
জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ১৫০ স্কুল-কলেজ, এমনকি হোটেল ও দিল্লি হাইকোর্টও বোমাতঙ্কের শিকার হয়েছে। এই মাসের শুরুতে মুখ্যমন্ত্রীর কার্যালয় ও মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ উড়িয়ে দেওয়ার হুমকি মেল আসে। গত সপ্তাহে দিল্লি হাইকোর্টেও একই ধরনের হুমকি পেয়ে শুনানি স্থগিত রাখতে হয়।আরও পড়ুন:
ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন ইতিমধ্যেই স্কুলগুলিতে নিরাপত্তা জোরদার করেছে। হাইকোর্টের নির্দেশে নতুন নিরাপত্তা বিধি জারি হয়েছে—বেশি সংখ্যক সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিয়মিত মহড়া, নিরাপত্তা ব্যবস্থার পরীক্ষা এবং জরুরি পরিস্থিতিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা রাখা হবে।