পুবের কলম, জলপাইগুড়ি: এক রাতের প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হলো ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। প্রকৃতির এই রুদ্রমূর্তিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ও বানারহাট ব্লকের বিভিন্ন অঞ্চল। ঝড়ের দাপটে গৃহহীন হয়ে পড়েছেন কয়েকশো মানুষ।
 
শুক্রবার রাতে হঠাৎই আকাশ কালো করে নেমে আসে কালবৈশাখী।

ঝড়ের সঙ্গে শুরু হয় প্রবল শিলাবৃষ্টি। স্থানীয় সূত্রের খবর, ঝড়ের গতিবেগ এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে বহু বাড়ির টিনের চাল উড়ে যায়। জানা গিয়েছে, অসংখ্য কাঁচা ও আধাপাকা বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ভেঙে পড়েছে। বহু পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
ঝড়ের দাপটে উপড়ে পড়েছে বড় বড় গাছ এবং বিদ্যুতের খুঁটি। ফলে এলাকাটি বর্তমানে বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
 
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ধূপগুড়ি ও বানারহাট ব্লকের গ্রামগুলিতে। বিশেষ করে বানারহাটের চা বাগান সংলগ্ন এলাকা এবং ধূপগুড়ির গ্রামীণ অঞ্চলের চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। শিলাবৃষ্টির ফলে মরসুমি ফসলের ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পড়েছে কৃষকদের।