পুবের কলম ওয়েবডেস্কঃ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার নতুন কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির সবচেয়ে ক্ষমতাধর এই গোয়েন্দা সংস্থার পূর্ববর্তী প্রধান পদত্যাগ করেছেন। আইআরজিসি’র মুখপাত্র রমজান শরিফ এক বিবৃতিতে জানান, গোয়েন্দা সংস্থার পুরনো প্রধান হোসেইন তায়েবের জায়গায় নতুন দায়িত্ব নিয়েছেন মুহাম্মদ কাজেমি। এর আগে তিনি আইআরজিসির কাউন্টার ইন্টেলিজেন্স শাখার প্রধানের দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন:
৫৯ বছরের হোসেইন তায়েব আগে ইরানের গোয়েন্দামন্ত্রকের শীর্ষ কর্মকর্তা ছিলেন। ২০০০ সালের শেষ দিকে তাকে আইআরজিসিতে নিয়োগ দেওয়া হয়। ২০০৮ সালে তাকে আধাসামরিক বাহিনী বাসিজ অর্গানাইজেশনের প্রধান নিয়োগ করা হয়। এক বছর পর আইআরজিসি’র গোয়েন্দা শাখা চালু হলে তায়েবকে এর প্রধান করা হয়।
আরও পড়ুন:
তায়েবকে কেন সরানো হল তা জানাননি আইআরজিসির মুখপাত্র। শুধু জানিয়েছেন, হোসেইন তায়েবকে বাহিনীর কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামির একজন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুই দিন আগে অনলাইনে গুজব ছড়িয়ে পড়ে হোসেইন তায়েবকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে ইরানের কোনও কর্মকর্তা মন্তব্য করেননি। তবে দুই দিনের মাথায় তার পদে বদল আনার আনুষ্ঠানিক ঘোষণা দিল তেহরান।