মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে জ্বালানি সংকটে বড় স্বস্তি পেল ভারত। কূটনৈতিক আলোচনার পর হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় পতাকাবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ফলে আটকে থাকা কয়েকটি পণ্যবাহী জাহাজ নিরাপদে যাত্রা শুরু করতে পেরেছে।
সূত্রের খবর, ‘পুষ্পক’ ও ‘পরিমল’ নামে দুই জাহাজ ইতিমধ্যেই হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে। বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে অনিশ্চয়তার মধ্যে এই সিদ্ধান্তকে বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি ফোনে কথা বলেন ইরানের বিদেশমন্ত্রী আরাগাছির সঙ্গে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। সেই আলোচনার ফলেই ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি মিলেছে বলে জানা গেছে।
তবে যুক্তরাষ্ট্র, ইজরায়েল এবং ইউরোপের দেশগুলির জাহাজের উপর এখনও নিষেধাজ্ঞা বজায় রেখেছে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে ভারতের জ্বালানি সরবরাহ পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে।