আগামীকাল রাজ্যের সাত জেলায় ১৪২টি বিধানসভা আসনে সকাল ৭টা থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে ভোট দিতে যাওয়ার আগে অনেকের মনেই প্রশ্ন থাকে, ভোটার কার্ড না থাকলে কি ভোট দেওয়া যাবে? জবাব হচ্ছে - হ্যাঁ।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় নাম থাকলে ভোটার কার্ড ছাড়াও নির্দিষ্ট কয়েকটি পরিচয়পত্র দেখিয়ে ভোট দেওয়া সম্ভব।
অর্থাৎ, ভোটার কার্ড হারিয়ে গেলেও বা সঙ্গে না থাকলেও আতঙ্কের কোনও কারণ নেই। প্রয়োজন শুধু ভোটার তালিকায় নাম থাকা এবং বিকল্প পরিচয়পত্রের মধ্যে যেকোনো একটি সঙ্গে রাখা।
সাধারণত ভোট দিতে গেলে দু’টি জিনিস সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়—
১. ভোটার কার্ড (EPIC Card)
২. ভোটার স্লিপ
নির্বাচন কমিশনের নিযুক্ত বুথ লেভেল অফিসার (BLO)-রা ইতিমধ্যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ পৌঁছে দিয়েছেন। কমিশনের নির্দেশ অনুযায়ী, এবার কোনও রাজনৈতিক দল নয়, শুধুমাত্র বিএলও-রাই ভোটার স্লিপ বিতরণ করেছেন। তাই ভোটকেন্দ্রে যাওয়ার সময় এই স্লিপটি সঙ্গে রাখা জরুরি।
আরও পড়ুন:
তবে ভোটার স্লিপ থাকলেই ভোট দেওয়া যাবে এমন নয়, মূল শর্ত হলো ভোটার তালিকায় নাম থাকতে হবে। যদি নাম তালিকায় থাকে, তাহলে ভোটার কার্ড না থাকলেও নিচের ১২টি বিকল্প পরিচয়পত্রের যেকোনো একটি দেখিয়ে ভোট দেওয়া যাবে।
বিকল্প পরিচয়পত্রগুলির তালিকা হলো—
১.আধার কার্ড
২.প্যান কার্ড
৩.ড্রাইভিং লাইসেন্স
৪.পাসপোর্ট
৫.পেনশনের সচিত্র নথি
৬. ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ছবি-সহ পাসবই
৭.১০০ দিনের কাজের জব কার্ড
৮.কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মীদের সচিত্র পরিচয়পত্র
৯.শ্রম মন্ত্রকের প্রকল্পের অধীনে দেওয়া স্মার্ট কার্ড
১০. স্বাস্থ্যবিমা প্রকল্পে শ্রম মন্ত্রকের দেওয়া স্মার্ট কার্ড
১১.সাংসদ বা বিধায়কদের সরকারি পরিচয়পত্র
১২.বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য কেন্দ্রের দেওয়া পরিচয়পত্র
আরও পড়ুন:
এই তালিকার যেকোনো একটি বৈধ নথি সঙ্গে থাকলেই ভোটার কার্ড ছাড়াই ভোট দেওয়া যাবে।
তবে ভোট দিতে যাওয়ার আগে শুধু পরিচয়পত্র নয়, কোন জিনিস বুথে নিয়ে যাওয়া যাবে না, সেটাও জানা জরুরি। গতবারের মতো এবারও ভোটকেন্দ্রের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ। ফলে মোবাইল সঙ্গে না নেওয়াই সবচেয়ে ভালো। তবে ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে বুথের বাইরে মোবাইল জমা রাখার ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে ফোন জমা দিয়েই বুথে ঢুকতে হবে।
শুধু মোবাইল নয়, আগ্নেয়াস্ত্র বা অন্য কোনও বিপজ্জনক বস্তু নিয়েও বুথে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা প্রয়োজনে স্মার্ট ঘড়ি, হেডফোন বা অন্য স্মার্ট ডিভাইস নিয়েও বুথে প্রবেশে বাধা দিতে পারেন। তাই ভোট দিতে যাওয়ার সময় অপ্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্র সঙ্গে না নেওয়াই বুদ্ধিমানের কাজ।
নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মতে, স্বচ্ছ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতেই এই কড়াকড়ি। ভোটারদের দ্রুত এবং নিরাপদে ভোটদান করানোর জন্য বুথে একাধিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তাই ভোটের দিন সময়মতো বুথে পৌঁছে নিয়ম মেনে ভোট দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, ভোটার কার্ড না থাকলেও ভোটাধিকার প্রয়োগে বাধা নেই, যদি ভোটার তালিকায় নাম থাকে এবং নির্ধারিত বিকল্প পরিচয়পত্রের একটি সঙ্গে থাকে। তাই অযথা দুশ্চিন্তা না করে প্রয়োজনীয় নথি নিয়ে বুথে যান এবং নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।