পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের জবলপুরের বরগি বাঁধের জলাধারে পর্যটকবাহী ক্রুজ উল্টে যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার উদ্ধারকারীরা আরও পাঁচটি দেহ উদ্ধার করায় এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। এখনও নিখোঁজ বেশ কয়েকজন, যাদের সন্ধানে জোরকদমে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ২৯ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য নিয়ে বরগি বাঁধের জলাধারে বিহার করছিল একটি ক্রুজ বোট। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হঠাৎ করেই প্রবল ঝড় শুরু হয় এবং জলাধারের জল উত্তাল হয়ে ওঠে।

পরিস্থিতির গুরুত্ব বুঝে পর্যটকরা চিৎকার করে চালককে নৌকাটি তীরে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানান। কিন্তু প্রবল বাতাসের শব্দে সেই চিৎকার চালকের কানে পৌঁছায়নি। শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে ক্রুজটি মাঝ-জলাধারে উল্টে যায়।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে নামে NDRF, SDRF এবং সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দারাও দড়ি ও লাইফ জ্যাকেটের সাহায্যে বেশ কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হন।

এখনও পর্যন্ত মোট ২২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার ৪টি দেহ উদ্ধার হয়েছিল এবং শুক্রবার ভোরে আরও ৫টি দেহ উদ্ধার করা হয়। জলাধার থেকে নৌকাটি টেনে তুলতে হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা হচ্ছে।

রাজ্যের পর্যটন মন্ত্রী ধর্মেন্দ্র ভাব সিং লোধি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, এই ঘটনার একটি উচ্চপর্যায়ের তদন্ত করা হবে। বেঁচে যাওয়া এক যাত্রী অভিযোগ করেছেন যে, নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট ছিল না। মন্ত্রী এই প্রসঙ্গে বলেন, "লাইফ জ্যাকেট সংক্রান্ত যে অভিযোগ উঠেছে, তা গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। কোনো গাফিলতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"