মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৫ জন। বুধবার রাতে ধার জেলা-তে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, শ্রমিক বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি এসইউভির মুখোমুখি সংঘর্ষেই এই বিপর্যয়।

জানা গিয়েছে, প্রায় ৪৬ জন শ্রমিককে নিয়ে ইন্দোর-আমেদাবাদ জাতীয় সড়ক ধরে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। চিকলিয়া ক্রসিংয়ের কাছে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি এসইউভি সজোরে ধাক্কা মারে ভ্যানটিকে।

সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় পিকআপ ভ্যানটি।

ইন্দোরের ডিভিশনাল কমিশনার সুদাম পি খাড়ে জানিয়েছেন, ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের তরফেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

অন্যদিকে, একই রাতে রাজস্থান-এর আলওয়ার জেলাতেও ঘটে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ে-এর মৌজপুর এলাকায় চলন্ত একটি গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। বৈষ্ণোদেবী দর্শন সেরে ফেরার পথে থাকা যাত্রীদের গাড়ি

টি মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
পুলিশ জানিয়েছে, প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে এক কিশোরী-সহ মোট পাঁচজনের মৃত্যু হয়। এই দুই দুর্ঘটনা দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে।