ভোটগণনার ঠিক আগে বারাসতে স্ট্রং রুমের নিরাপত্তা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। শনিবার সকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রং রুমে টানা ১৭ মিনিট সিসিটিভি দৃশ্য দেখা যায়নি।

অভিযোগ অনুযায়ী, সকাল ৮টা ৫ মিনিট থেকে ৮টা ২২ মিনিট পর্যন্ত স্ট্রং রুমের ভিতরের লাইভ ফুটেজ বাইরে লাগানো স্ক্রিনে প্রদর্শিত হয়নি। অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী দাবি করেন, ওই সময় সিসিটিভি ক্যামেরাগুলি কার্যত বন্ধ ছিল।

খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছন, এবং পুরো ঘটনার ব্যাখ্যা দাবি করেন।

তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, ক্যামেরা বন্ধ ছিল না—বরং বাইরে থাকা মনিটর বা টিভি বন্ধ থাকায় ফুটেজ দেখা যায়নি।

কমিশনের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন তৃণমূল প্রার্থী।

তিনি বিতর্কিত ১৭ মিনিটের স্ট্রং রুমের ভিতর ও বাইরের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও প্রকাশের দাবি জানিয়ে ইমেল করেছেন নির্বাচন কমিশনকে।

ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন এসডিপিও, মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বর্তমানে কড়া নিরাপত্তার মধ্যেই স্ট্রং রুম পাহারা দেওয়া হচ্ছে।