পুবের কলম ওয়েব ডেস্কঃ শেষ দফার ভোটের মুখে নির্বাচন কমিশন নিযুক্ত এক পুলিশ পর্যবেক্ষককে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক ছড়াল রাজ্যে। অভিযোগ, জেলার দায়িত্ব পাওয়ার পর গোপনে বিজেপি প্রার্থীর সঙ্গে বৈঠক করেছিলেন ওই আইপিএস আধিকারিক। সেই ঘটনাকে সামনে এনে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলাও দায়ের হয়েছে। আদালত কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করায় চাপ বেড়েছে সংশ্লিষ্ট আধিকারিকের উপর।
আরও পড়ুন:
ঘটনার সূত্রপাত গত ২০ এপ্রিল। ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার অভিযোগ করেন, গভীর রাতে একটি সরকারি পর্যটন আবাসে কমিশনের পুলিশ পর্যবেক্ষক পারমার স্মিথ পার্শোত্তমদাসের সঙ্গে বৈঠক করেন বিজেপি প্রার্থী দীপক হালদার এবং দলের কয়েকজন নেতা। অভিযোগ অনুযায়ী, ওই বৈঠকে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষও। তৃণমূলের দাবি, পুরো ঘটনার ভিডিও তাদের হাতে রয়েছে এবং সেই ফুটেজেই গোপন বৈঠকের ছবি ধরা পড়েছে।
আরও পড়ুন:
এরপর ডায়মন্ড হারবারে এক জনসভা থেকে বিষয়টি প্রকাশ্যে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আধিকারিকের সঙ্গে বিজেপি নেতাদের গোপন যোগাযোগ গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। তাঁর বক্তব্য, পরিকল্পনা ছিল আড়ালে থেকে কাজ সেরে নেওয়ার, কিন্তু সেই চেষ্টা প্রকাশ্যে চলে এসেছে। একই সঙ্গে তিনি আইনি পদক্ষেপের ইঙ্গিতও দেন।আরও পড়ুন:
এর কিছুদিন পর, ২৪ এপ্রিল কলকাতা উচ্চ আদালতে এই ইস্যুতে মামলা দায়ের করেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মামলায় দাবি করা হয়, অভিযুক্ত পুলিশ পর্যবেক্ষককে অবিলম্বে ভোটের দায়িত্ব থেকে সরাতে হবে। সেই আবেদনের প্রেক্ষিতেই নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে আদালত।