পুবের কলম, ওয়েব ডেস্ক: প্রথম দফায় না হলেও। দ্বিতীয় দফায় দক্ষিণ ২৪ পরগণা জেলার ১৫টি বুথে কোনও বুথে পুর্ননির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ফের ভোট হতে চলেছে ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিমের ১৫ বুথে। এরমধ্যে মগরাহাট পশ্চিমের ১১টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি, ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার সকাল ৭টা থেকে ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ বুথে রিপোল হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে মগরাহাট পশ্চিমে ৪৬,১২৬,১২৭,১২৮,১৪২,২১৪,২১৫,২১৬, ২৩০,২৩১,২৩২ নং বুথে শুরু হয়ে যাবে ভোট।অন্যদিকে দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বিতর্কিত বিধানসভা কেন্দ্র ফলতার রিপোল নিয়ে চর্চা চললেও এখনও পর্যন্ত তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি কমিশন। সূত্রের খবর ফলতার একাধিক বুথে পুনর্নির্বাচন চেয়ে কমিশনের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, রিপোল স্ক্রুটিনিতে ইতিমধ্যেই কমিশনের হাতে উঠে এসেছিল বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য।
ইভিএমে টেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ তো রয়েইছে, সঙ্গে বেশ কিছু বুথের ক্যামেরাও বন্ধ করে হয়ে গিয়েছিল বলে অভিযোগ। কিন্তু ক্যামেরা যে বন্ধ হয়ে গিয়েছিল সেই তথ্যই আসেনি কমিশনের কাছে। শোনা যাচ্ছিল নেটওয়ার্কের সমস্যার কারণেই সেই তথ্য এসে পৌঁছায়নি। এবার তার যৌক্তিকতাও খুঁজে দেখেছে কমিশন। কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত আগেই জানিয়ে দিয়েছিলেন ডায়মন্ড হারবারের অজার্ভার ও রিটার্নিং অফিসার চারটি রিপোলের প্রস্তাব দিয়েছেন। এবার রিপোর্ট দেখে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলল কমিশন।