উত্তরপ্রদেশে ৫ লক্ষ টাকার মদের বোতল ভাঙলেন মহিলারা, অভিযোগ গ্রামের মাঝখানে মদের দোকান থাকায় মদ খেয়ে লোকজন প্রায়ই ঝগড়া-বিবাদ করে

উত্তরপ্রদেশের ইতাওয়া জেলার ভরতনা এলাকার সমসপুর গ্রামে মদ্যপদের উপদ্রবে বিরক্ত হয়ে মহিলারা দেশি মদের দোকানে হামলা চালিয়ে মদের বোতল রাস্তায় ফেলে দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

জানা গেছে, বুধবার সমসপুর গ্রামে ক্ষুব্ধ মহিলারা ব্যাপক বিক্ষোভ দেখান। তারা দেশি মদের দোকানে ঢুকে সেখানে রাখা মদের বোতল ও প্যাকেট বাইরে রাস্তায় ছুড়ে ফেলেন।

এতে ঘটনাস্থলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
মহিলাদের অভিযোগ, গ্রামের ঠিক মাঝখানে দোকানটি থাকায় মদ খেয়ে লোকজন প্রায়ই ঝগড়া-বিবাদ করে, ফলে গ্রামবাসী, বিশেষ করে মহিলারা চরম সমস্যায় পড়ছেন। তারা দোকানটি সরানোর দাবি তুলেছেন।
ঘটনার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

এদিকে এই ঘটনার ভিডিও শেয়ার করে উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী আইপি সিংহ সমাজ মাধ্যমে লিখেছেন, 'যোগী সরকারের আমলে সর্বত্র বিপুল সংখ্যায় মদের দোকান খোলা হয়েছে,এর ফলেই সমাজ ভেঙে পড়ছে। ইতাওয়াহর মহিলারা মদের দোকানে হামলা চালিয়ে ৫ লক্ষ টাকার মদ নষ্ট করে দিয়েছেন। মদের কারণে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, ঘরে ঘরে অশান্তি বেড়ে গেছে। মদের দোকানের সংখ্যা অর্ধেক করা হোক এবং বিজেপি সরকার যেন এগুলো ৬ ঘণ্টার বেশি খোলা রাখার অনুমতি না দেয়।'