এক্সিট পোল ঘিরে তৈরি হওয়া জল্পনাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। তাঁর দাবি, শেয়ার বাজারে ধস নামার আশঙ্কা থেকেই ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর এক্সিট পোল দেখানো হচ্ছে।

মমতার অভিযোগ, সংবাদমাধ্যমকে চাপ দিয়ে নিজেদের পক্ষে ফল দেখাতে বাধ্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “সত্যিটা দেখানো হলে শেয়ার বাজারে বড় ধস নামত।

তাই মিথ্যা ছবি তুলে ধরা হচ্ছে। বাস্তবে তৃণমূলই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছে।”

তিনি আরও দাবি করেন, বিজেপি আগেই পরিকল্পনা করে সংবাদমাধ্যমকে ‘নির্দেশ’ দিয়েছে নির্দিষ্ট ধরনের ফল প্রকাশ করতে। তাঁর কথায়, “আমরা ২২৬ পার করবই, ২৩০-ও পেতে পারি।

মানুষের রায় আমাদের পক্ষেই।”

অতীতের উদাহরণ টেনে মমতা বলেন, ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও এক্সিট পোল বাস্তব ফলাফলের সঙ্গে মেলেনি। তাঁর মতে, এবারও একই চিত্র দেখা যাবে।

তৃণমূল নেত্রীর অভিযোগ, এই ধরনের সমীক্ষার মূল উদ্দেশ্য কর্মীদের মনোবল ভেঙে দেওয়া এবং বিজেপি শিবিরকে চাঙ্গা রাখা। পাশাপাশি তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটের দিন ‘অত্যাচার’-এর অভিযোগও তোলেন এবং কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।