স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে বিতর্কের আবহে তৃণমূল কংগ্রেসে তৎপরতা তুঙ্গে। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার বিকেল ৪টেয় কাউন্টিং এজেন্টদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে বসছেন। এই বৈঠকে উপস্থিত থাকবেন দলের শীর্ষ নেতৃত্বও।

দ্বিতীয় দফার ভোটের পর থেকেই স্ট্রংরুমে নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। সেই প্রেক্ষিতেই গণনার দিন এজেন্টদের করণীয় কী হবে, তা বিস্তারিতভাবে বুঝিয়ে দিতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, এক্সিট পোলের ফলাফলে ভরসা না করে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিতে পারেন অভিষেক। ইতিমধ্যেই কাউন্টিং এজেন্টদের তালিকা চূড়ান্ত হয়েছে। তাঁদের শান্ত থেকে পুরো গণনা প্রক্রিয়ার উপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হতে পারে।

বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে গণনাকেন্দ্রের ভিতরের নিরাপত্তায়। স্ট্রংরুমের বাইরে যেমন নজরদারি জোরদার করা হয়েছে, তেমনই ভিতরেও এজেন্টদের সতর্ক থাকতে বলা হতে পারে। নির্দেশ থাকতে পারে—
গণনা শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন কেন্দ্র না ছাড়েন
জরুরি প্রয়োজনে বেরোতে হলে বিকল্প এজেন্ট প্রস্তুত রাখতে হবে
সন্দেহজনক কিছু নজরে এলে সঙ্গে সঙ্গে প্রার্থী ও দলীয় নেতৃত্বকে জানাতে হবে
একই সঙ্গে প্ররোচনায় পা না দিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর পরামর্শও দেওয়া হতে পারে।