পুবের কলম, ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ায় চলা ভয়াবহ সংঘর্ষ থামাতে তিন দফা শর্ত ঘোষণা করেছে ইরান। তেহরানের দাবি, এই সংঘর্ষ শুরু করেছে আমেরিকা ও ইজরায়েল। তাই যুদ্ধ থামাতে হলে তাদেরই কয়েকটি শর্ত মানতে হবে। ইরান জানিয়েছে, প্রথমত তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। দ্বিতীয়ত, সাম্প্রতিক হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে।

তৃতীয়ত, ভবিষ্যতে আর কখনও ইরানের উপর আক্রমণ করা হবে না— এমন নিশ্চয়তা দিতে হবে আমেরিকা ও ইজরায়েলকে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান সমাজমাধ্যমে এই তিন দফা শর্ত প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, এই শর্তগুলি পূরণ হলেই কেবল সংঘর্ষ থামানোর পথ তৈরি হতে পারে। তেহরানের আশঙ্কা, যুদ্ধ থেমে যাওয়ার পরেও ইজরায়েল আবার ইরানের উপর আক্রমণ চালাতে পারে। তাই ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সেই নিশ্চয়তা চাইছে ইরান।

 
এদিকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে চলা যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। তাঁর দাবি, সংঘর্ষে আমেরিকা পরিকল্পনার তুলনায় বেশি সাফল্য পেয়েছে। তবে এই যুদ্ধে আমেরিকারও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। উপসাগরীয় অঞ্চলে আমেরিকার একাধিক সামরিক ও অসামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর।
 

অন্যদিকে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন বলে তেহরান নিশ্চিত করেছে।

তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে শোকের পরিবেশ তৈরি হয়েছে। বহু মানুষ তাঁর ছবি হাতে রাস্তায় নেমে শোক প্রকাশ করেছেন। বর্তমানে দেশ পরিচালনার দায়িত্ব তিন সদস্যের একটি পরিষদের হাতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, আক্রমণ চলতে থাকলে আরও কঠোর পাল্টা আঘাত করা হবে। ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখনও অত্যন্ত উত্তপ্ত।