পুবের কলম ওয়েব ডেস্কঃ আসন্ন দ্বিতীয় দফার ভোটকে ঘিরে রাজ্যে নিরাপত্তা জোরদার করতে সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফার মতোই এবারও অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর কমিশন। কিন্তু তার মধ্যেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসায় বাড়ানো হয়েছে কড়াকড়ি। বিশেষ করে ভাঙড় এলাকায় গত কয়েকদিনে উত্তেজনা বেড়ে যাওয়ায় উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে ভোটের ঠিক আগে দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় শুরু হয়েছে পুলিশি অভিযান।
পুরনো অপরাধমূলক রেকর্ড রয়েছে এমন ২৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশের বিভিন্ন থানা এলাকাতেও চালানো হয়েছে ধরপাকড়। সব মিলিয়ে গত কয়েক ঘণ্টায় প্রায় তিনশোর কাছাকাছি দুষ্কৃতীকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। কমিশনের মতে, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।আরও পড়ুন:
উল্লেখযোগ্যভাবে, ভোটের আগে ভাঙড়ের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধার করেছে পুলিশ।
গত তিন দিনে প্রায় একশোর বেশি বোমা উদ্ধার হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা-কে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে সংস্থার একটি দল ভাঙড়ে পৌঁছে বিভিন্ন এলাকা পরিদর্শন করে এবং ঘটনাস্থলগুলি খতিয়ে দেখে। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে কলকাতা পুলিশের কাছ থেকেও। এই তদন্ত শুরু হওয়ার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যদিও বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। শাসকদলের অভিযোগ, কেন্দ্রীয় সংস্থার নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং বিরোধীদের সুবিধা করে দিতেই এই উদ্যোগ।আরও পড়ুন:
অন্যদিকে, শুধু কেন্দ্রীয় সংস্থাই নয়, ভোটের আগে বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় পুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। সংবেদনশীল এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেটিংও, যাতে ভোটের দিন কোনও অশান্তি না ছড়ায়।