পুবের কলম ওয়েব ডেস্ক: ফের নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হতে আর ২৪ ঘন্টাও বাকি নেই। এরইমধ্যে দুই জেলার অতিরিক্ত জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন।  
জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার এডিএম ভাস্কর পাল এবং বীরভূম জেলার এডিএম সৌভিক ভট্টাচার্যকে সরিয়ে দিল কমিশন।

অপসারিত অফিসারদের ভোটের কোনও কাজে না রাখার কড়া নির্দেশও দিয়েছে কমিশনের। উল্লেখ্য বীরভূমের ভোট প্রথম দফায় হলেও দক্ষিণ ২৪ পরগনার জেলার ভোট শুরু বুধবার সকাল থেকেই। পাশাপাশি এ ওই জেলার অন্তর্গত ফলতা ব্লকের জয়েন্ট বিডিওকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, রাজ্যের আইনশৃঙ্খলা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া বার্তা দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক( সিইও) মনোজ আগারওয়াল।
বর্তমানে রাজ্যে ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পুলিশ কমিশনারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে মঙ্গলবার রাত্রে এক সাংবাদিক সম্মেলনে জানান। 

পাশাপাশি প্রশাসনের প্রতি সতর্কবার্তা দিয়ে সিইও জানান, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুলিশকে শক্তিশালী করা হয়েছে। এরপরেও যদি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদেরই তার দায়ভার নিতে হবে এবং তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্ট্রং রুমের ক্যামেরা নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন যে, কোনও যান্ত্রিক সমস্যা বা লোডশেডিংয়ের বিষয় থাকলে রাজনৈতিক দলগুলো সরাসরি অভিযোগ জানাতে পারে। এছাড়া ভবানীপুর-সহ সব বুথের ১০০ মিটারের মধ্যে পরিচয়পত্র ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যেকোনো গণ্ডগোলের ক্ষেত্রে অবজারভারদের রিপোর্টের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে সেই সব বুথে পুনরায় ভোট (রিপোল) গ্রহণ করা হবে।