পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে আসন্ন দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগে সমাজমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়াকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। কমিশন সূত্রে খবর, ওই ভিডিওতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর বিষয়বস্তু রয়েছে। বিষয়টি নজরে আসতেই দ্রুত পদক্ষেপ করতে পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের আওতায় এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

দ্বিতীয় দফার ভোটকে ঘিরে কমিশন আরও সতর্ক অবস্থান নিয়েছে।

নতুন করে বেশ কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে। তার মধ্যে অন্যতম সম্পূর্ণ ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ওয়েব নজরদারির ক্যামেরা খোলা যাবে না। এবারের নির্বাচনে অন্যতম চর্চিত কেন্দ্র ভবানীপুর। এখানে মুখোমুখি লড়াইয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত শনিবার চক্রবেড়িয়া এলাকায় তাঁদের প্রচার ঘিরে উত্তেজনা ছড়ায়।
অভিযোগ, মুখ্যমন্ত্রীর সভার কাছেই মাইক ব্যবহার করে প্রচার চালায় বিরোধী শিবির। এতে ক্ষুব্ধ হয়ে বক্তব্য না রেখেই সভাস্থল ছেড়ে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

এই ঘটনার পরই সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীকে ঘিরে একটি কুরুচিকর ভিডিও ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসার পরই দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই পুলিশ ঘটনাটি খতিয়ে দেখা শুরু করেছে বলে জানা গেছে।

অন্যদিকে,  নতুন নির্দেশিকায় কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই ভিভিপ্যাট যন্ত্র স্ট্রং রুমে জমা দিতে হবে। প্রথম দফার ভোটে এই নিয়ম অনেক ক্ষেত্রে মানা হয়নি বলে অভিযোগ উঠেছিল। তাই এবার সেই বিষয়ে কড়া অবস্থান নিয়েছে কমিশন।

এছাড়াও নির্দেশ দেওয়া হয়েছে, সম্পূর্ণ ভোটপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ওয়েব নজরদারির ক্যামেরা চালু রাখতে হবে। এই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসারদের উপরেই।