পুবের কলম, ওয়েবডেস্ক: ডিজিটাল রূপান্তর এবং প্রযুক্তিতে নিরন্তর ফোকাস করেছে বেসরকারি ঋণদাতা সংস্থা অ্যাক্সিস ব্যাঙ্ক। শনিবার ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের শেষে তাদের মোট কর্মী সংখ্যায় সামান্য হ্রাস ঘটেছে। মূলত প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে কাজের গতি ও উৎপাদনশীলতা বাড়ার কারণেই এই 'হেডকাউন্ট অপ্টিমাইজেশান' বা কর্মী সংখ্যা সমন্বয় সম্ভব হয়েছে।

ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে অ্যাক্সিস ব্যাঙ্কের মোট কর্মী সংখ্যা ছিল প্রায় ১.০৪ লক্ষ।

২০২৬ অর্থবর্ষের শেষে তা কমে দাঁড়িয়েছে প্রায় ১.০১ লক্ষ। অর্থাৎ, এক বছরে ব্যাঙ্কের কর্মী সংখ্যা কমেছে প্রায় ৩,০০০ জন। ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও অমিতাভ চৌধুরী জানিয়েছেন, এটি কোনো নির্দিষ্ট একটি বিভাগের সংকোচন নয়, বরং সামগ্রিকভাবে ব্যাঙ্কের কার্যক্ষমতা বৃদ্ধির প্রতিফলন।

অ্যাক্সিস ব্যাঙ্ক গত কয়েক বছর ধরে তাদের অপারেটিং ব্যয়ের ৯ থেকে ১০ শতাংশ প্রযুক্তির পিছনে খরচ করছে।

অমিতাভ চৌধুরীর মতে, ব্যবসার জোয়ার-ভাটা নির্বিশেষে প্রযুক্তিতে বিনিয়োগ দীর্ঘমেয়াদী কৌশলগত সুবিধা দিচ্ছে। কর্মী সংখ্যা কমলেও ব্যাঙ্ক কিন্তু তার ভৌত উপস্থিতি বাড়াচ্ছে। গত এক বছরে দেশজুড়ে প্রায় ৪০০টি নতুন শাখা খোলা হয়েছে। ব্যাঙ্ক স্পষ্ট করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এখনই কর্মী ছাঁটাই হচ্ছে না। বর্তমানে এআই-কে মূলত লেনদেনের সময় কমাতে এবং প্রক্রিয়া সহজ করতে ব্যবহার করা হচ্ছে।