দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই ভবানীপুরে বুথ পরিদর্শনে বেরিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, বিজেপির নির্দেশেই কাজ করছে নির্বাচন কমিশন।

বুধবার সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথ ঘুরে দেখার সময় মমতা বলেন,
“বিজেপি যা বলছে, কমিশন তাই করছে। ওরা পোস্টার, ব্যানার সব ছিঁড়ে দিচ্ছে। এভাবে ভোট হয় নাকি?

টেরোরিজম চলছে।”

মমতার এই মন্তব্যে ভোটের আবহে রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে যায়। ভবানীপুর কেন্দ্রে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এদিন সকালে বুথ পরিদর্শনে বের হন। বুথ ঘুরে শুভেন্দুর দাবি,“সব ভোট বিজেপিতে পড়ছে।”

ফলে ভবানীপুরে ভোটের সকালেই দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর পাল্টাপাল্টি বক্তব্যে রাজনৈতিক চাপানউতোর চরমে ওঠে।

বুথ পরিদর্শনের ফাঁকেই মমতা বন্দ্যোপাধ্যায় যান কলকাতার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে। যদিও তিনি গাড়ি থেকে নামেননি। একটি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি এসইউভির সামনের আসনে বসে রয়েছেন মমতা, আর গাড়ির সামনে দাঁড়িয়ে তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বলছেন ফিরহাদ হাকিম।

চেতলা ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত এবং এই কেন্দ্রে ভোট পরিচালনার সাংগঠনিক দায়িত্ব ফিরহাদ হাকিমের উপরই ছিল বলে তৃণমূল সূত্রে জানা গেছে। দলের একাংশের দাবি, ভোটের পরিস্থিতি, বিভিন্ন বুথের অবস্থা এবং ভোটগ্রহণে কোনও সমস্যা হচ্ছে কি না, সে সব বিষয়েই ফিরহাদের সঙ্গে আলোচনা করেন মমতা।