পুবের কলম, ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে ভারতীয় বিমান বাহিনীর (IAF) এক পদস্থ কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে বিধায়ক কলোনি এলাকায় নিজের বাসভবন থেকে ৩৯ বছর বয়সী উইং কমান্ডার বিপুল যাদবের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে অনুমান করা হচ্ছে।
 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উইং কমান্ডার বিপুল যাদব মাওবাদী দমন অভিযানের বিশেষ দায়িত্বে কর্মরত ছিলেন।

বুধবার সকালে তাঁর পরিচারিকা তেঁলিবাঁধা থানা এলাকার ওই বাড়িতে পৌঁছে ঘরর সিলিং ফ্যান থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সেই সময় তাঁর দুই সন্তান পাশের ঘরেই ঘুমিয়ে ছিল। পরিচারিকার চিৎকার ও খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।
 
তদন্তকারীরা জানিয়েছেন, ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন বিপুল।
তাঁর স্ত্রীও আগে ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন, তবে বর্তমানে তিনি বেঙ্গালুরুতে একটি আইটি সংস্থায় কর্মরত। পুলিশি জেরায় উঠে এসেছে যে, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই বিবাদ লেগেই থাকত। এদিকে উইং কমান্ডারের এই আকস্মিক মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ বা প্ররোচনা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।