মোল্লা জসিমউদ্দিন:  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা পাঠালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এর সিঙ্গেল বেঞ্চে । এফআইআর খারিজের আর্জি জানিয়ে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ যে মামলা করেছেন কলকাতা হাইকোর্টে, সেই মামলা গত মঙ্গলবারই ছেড়ে দেন বিচারপতি জয় সেনগুপ্ত। এরপর মামলা যায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে।তারপরই প্রধান বিচারপতির তরফ থেকে এই মামলা শোনার জন্য পাঠানো হয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে । গত মঙ্গলবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একসময়ের সহকর্মী হওয়ায় বিচারপতি জয় সেনগুপ্ত মামলাটি শুনতে চাননি।
Advertisement
মাত্র কয়েক মাস আগেই বিচারপতি পদে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হন তিনি। বর্তমানে তমলুক কেন্দ্রে প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর হয়েছে। সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন বিচারপতি।
Advertisement
আগামী ২৫ মে তমলুক কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তার আগে গত ৫ মে নির্বাচন কমিশনে মনোনয়ন পেশ করেন তিনি। মনোনয়নে যাওয়ার পথে গণ্ডগোলের সূত্রপাত হয়। অভিজিতের মিছিল পৌঁছনোর পর চাকরিহারা শিক্ষকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। তখন স্লোগান, পাল্টা স্লোগান শুরু হয়।
Advertisement
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধাক্কাধাক্কি-ধস্তাধস্তি, এমনকি ইটও ছোড়া হয় বলে অভিযোগ। এরপরই অনশন মঞ্চে থাকা চাকরিহারাদের কয়েকজন আহত হন বলে অভিযোগ। গত ৫ মে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা এফআইআর দায়ের হয়। সেই এফআইআরের জন্য প্রচারে অসুবিধা হচ্ছে বলে দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখন দেখার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি কবে হয়?