পুবের কলম প্রতিবেদক এবছর বৃষ্টি যেন থামছেই না। একটি নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের দেখা দিচ্ছে নিম্ন চাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগর বা আরব সাগরে নিম্নচাপ যেন লেগেই রয়েছে। কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘুর্ণীঝড় গুলাবের কারণে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টি হয়েছে। বিহার এবং উত্তরপ্রদেশের ওপর শনিবার একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে।
সেইসঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। যারফলে সোমবার পর্যন্ত ফের রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দফতর। এদিকে– উত্তর আরব সাগরের বুকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘শাহিন’ ক্রমেই ওমানের দিকে এগোচ্ছে। যদিও এরফলে ভারতে খুব বেশি প্রভাব পড়বে না। তবে বৃষ্টি হতে পারে ভারতের দু এক জায়গায়।আরও পড়ুন:
আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে– সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। কোচবিহার– আলিপুরদুয়ার– দার্জিলিং– কালিম্পং– জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কোচবিহবার– আলিপুরদুয়ার– দার্জিলিং– কালিম্পং– জলপাইগুড়ি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়।
এছাড়াও মালদা– বীরভূম ও মুর্শদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এরফলে স্বাভাবিকভাবেই নদীর জলস্তর বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই একাধিক নদীর জলস্তর বিপদসীমার ওপরে বইছে। তারওপর আরও বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আশঙ্কা আবহাওয়াবিদদের।আরও পড়ুন:
যদিও রাজ্য থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বিদায় নেই। তবে এবছর বর্ষা দেরিতে আসার কারণে স্বাভাবিকভাবেই দেরিতে বিদায় নেবে বর্ষা। অন্যদিকে– পুজোর আর বেশি দেরি নেই। আবহাওয়াবিদরা মনে করছেন পঞ্চমী ও ষষ্ঠীর দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।