পারিজাত মোল্লা:  দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বহু চর্চিত  ডিএ মামলার শুনানি রয়েছে আগামী সোমবার। হাতে মাত্র কয়েক দিন,  টানটান উদ্দীপনা রয়েছে সরকারি কর্মীদের।  রাজ্যের বহু সরকারি কর্মচারী তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের  দিকে। গত মাসে রাজ্যের ডিএ  বা মহার্ঘ ভাতা মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে যায়। এই পরিস্থিতিতে রাজ্যের ডিএ মামলা গেল সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে।

বিচারপতি দীনেশ মহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে রয়েছে  শুনানি । গত ১৪ ডিসেম্বর এই মামলার শুনানি ছিল। তবে  সেদিন বিচারপতি মাহেশ্বরী অনুপস্থিত থাকায় দুই বাঙালি বিচারপতির বেঞ্চে যায় এই মামলা। বিচারপতি হৃষিকেশ রায় ও সুপ্রিম কোর্টে নবনিযুক্ত বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে শুনানির শুরুতেই দুই বিচারপতি জানিয়ে দেন, -'তাঁরা মামলা থেকে সরে যাচ্ছেন'।

নতুন বেঞ্চে জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই মামলা হওয়ার কথা ছিল।

সেই মতোই এই মামলা গেল সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে। ১৬ জানুয়ারি  রাজ্যের ডিএ মামলার শুনানি হবে। গত ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে শুনানি হয়েছিল এই বেঞ্চেই।

উল্লেখ্য , রাজ্যের সরকারি কর্মচারীদের নতুন হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দে মত, সরকারকে ৩১ শতাংশ হারে ডিএ মেটানোর কথা বলা হয়েছিল। তারপরই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার।আগামী সোমবার এই মামলার সুপ্রিম শুনানির দিকে তাকিয়ে আছে অনেকেই।