পুবের কলম প্রতিবেদক: কলকাতা পুরসভার আইনে শহর পরিচ্ছন্ন রাখতে জরিমানা আদায়ের বিধান রয়েছে। জরিমানার হার ধার্য করার ক্ষমতাও পুরসভাকে দেওয়া আছে। মাঝে ব্যবস্থার বদলে আবেদন-নিবেদন নীতিতেই জোর দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। হালে নগরবাসীর উদ্দেশে রাস্তায় ময়লা না ফেলার আর্জিও জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন:
কিন্তু বারবার বলেও কোনও কাজ হচ্ছে না। এই অবস্থায় ফের বন্ধ হয়ে যাওয়া জরিমানা ব্যবস্থা পুনরায় চালু করতে নির্দেশ দিয়েছে পুর কর্তৃপক্ষ। সেই অনুযায়ী শুরু হয়ে গিয়েছে কাজও। দক্ষিণ কলকাতার কসবায় এক ব্যবসায়ী , বালিগঞ্জে এক পথচারী এবং মধ্য কলকাতায় একটি বাজার সমিতিকে রাস্তায় ময়লা ফেলার দায়ে অভিযুক্ত করে জরিমানার রসিদ ধরিয়েছে পুরসভা।
আরও পড়ুন:
পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাস্তায় ময়লা ফেলা ব্যক্তিদের প্রথম অপরাধের জন্য ৫২৫ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানা হবে ৭৩৫ টাকা। তৃতীয় এবং পরবর্তী পর্যায়ে প্রতিবারের ক্ষেত্রে জরিমানা হার হবে ১ হাজার ৫০ টাকা। প্রতিষ্ঠানের ক্ষেত্রে জরিমানার হার ময়লার পরিমাণ ও পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করা হবে। কিছু ক্ষেত্রে জরিমানার পরিমাণ ১ লাখ টাকা হতে পারে বলে জানা গিয়েছে।