পুবের কলম ওয়েবডেস্ক: বিধানসভা ভোটের নির্ঘন্ট বেজে গিয়েছে। এই উদ্দেশ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। আর ভোট ঘোষণা হওয়ার ঠিক আগেই পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ আধিকারিকদের রদবদল করা হয়েছে। এই রথ বদলে তালিকায় রয়েছেন একাধিক থানার ইন্সপেক্টর ইনচার্জ বা আইসি এবং সার্কেল ইন্সপেক্টর বা সিআই’রা।

রবিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে পুলিশে রদবদলের কথা ঘোষণা করা হয়েছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কলকাতা ও একাধিক জেলার ২৭ টি জায়গায় এই রদবদল করা হয়েছে। এই তালিকায় রয়েছেন, আইসি শ্রীরামপুর, আইসি দমদম, আইসি লেকটাউন, আইসি টেকনোসিটি থানা, আইসি নোদাখালি, আইসি নিমতা, আইসি রামপুরহাট, আইসি জগদ্দল, আইসি দাঁতন-সহ একাধিক আধিকারিক। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি থানায় আইসি এবং সিআই পদমর্যাদার আধিকারিকদের রদবদল করা হয়েছে। তালিকায় রয়েছেন, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, রামপুরহাট থানার আইসিও।

  শুধু পুলিশেই নয়, রাজ্য গোয়েন্দা দফতর, সিআইডি এবং আইবি-র ইনস্পেক্টর পদেও রদবদল করা হয়েছে। 

প্রসঙ্গত, এর আগে রাজ্য পুলিশে আইপিএস পদমর্যাদার আধিকারিকদের বদলি করা হয়েছে। সিআইডির ডিআইজি পদ, হাওড়া জয়েন্ট সিপি পদ, ওয়েস্টার্ন জোন এডিজি, আইজিপি পদে বদলি করা হয়েছে। পাশাপাশি, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছে। আর তারপরে এবার বদলি করা হল আইসি, সিআই পদ মর্যাদার পুলিশ আধিকারিকদের। ভোটের আগে পুলিশে এই রদবদলে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও পুলিশের একাংশের বক্তব্য এটা রুটিন বদলি।