পুবের কলম, ওয়েবডেস্ক: সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে এবার ডিজিটাল নজরদারির পথে হাঁটছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে আরও গতি ও নিয়ন্ত্রণে আনতে চালু হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম—WBiFMS 3.0 এবং UPMIS (Unified Project Monitoring & Management System)।
আরও পড়ুন:
আরও পড়ুন: নয়া ওয়াকফ সংশোধনী বিলে কী আছে? বিরোধিতারই বা কারণ কী?
আরও পড়ুন:
রাজ্যের অর্থ দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ এপ্রিল থেকে চালু হয়েছে WBiFMS 3.0, অর্থাৎ পশ্চিমবঙ্গ ইন্টিগ্রেটেড ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেমের নতুন সংস্করণ। এই নতুন ব্যবস্থার মাধ্যমে সরকারি খরচ, বিলিং, অর্থ বরাদ্দ ও ট্রেজারি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম হবে পুরোপুরি ডিজিটাল এবং আধুনিক। প্রাথমিকভাবে TR26-এর আওতায় থাকা নির্দিষ্ট কয়েকটি অবজেক্ট হেড অফ অ্যাকাউন্টস-এর মাধ্যমে এই সিস্টেমের সূচনা হচ্ছে। ফলে এই হেডগুলির ক্ষেত্রে সব লেনদেন WBiFMS 3.0-তেই করতে হবে; পুরনো WBiFMS প্ল্যাটফর্মে আর সেই সুবিধা থাকবে না।
আরও পড়ুন:
একইসঙ্গে, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে UPMIS পোর্টালের মাধ্যমে প্রকল্প পর্যবেক্ষণের কাজ। সূত্রের খবর, পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, সেচ এবং জলসম্পদ দফতর এই পর্যায়ে UPMIS-এর আওতায় আনা হয়েছে। এপ্রিল মাস থেকে কোনও নতুন প্রকল্প শুরু করতে হলে অনলাইনেই এই পোর্টালে আবেদন করতে হবে। প্রকল্প শুরুর আগে থেকে শেষ হওয়া পর্যন্ত তার সমস্ত অগ্রগতি ও ব্যয়ের হদিস থাকবে এই পোর্টালের মাধ্যমেই।
আরও পড়ুন:
বিশেষজ্ঞদের মতে, অর্থ দফতর যেহেতু সরকারি প্রকল্পে অর্থ বরাদ্দ করে, সেই খাতে প্রকল্প যদি ঢিমে তালে চলে বা খরচের স্বচ্ছতা না থাকে, তা সহজেই ধরা পড়বে। ফলে প্রকল্পের গতি ও কার্যকারিতা দুই-ই বাড়বে বলে মনে করছেন প্রশাসনিক মহল।
আরও পড়ুন:
নবান্নের এক আধিকারিক জানান, “এই দুটি ডিজিটাল ব্যবস্থার হাত ধরে সরকারি প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনায় এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। একদিকে যেমন ডিজিটাল বিলিং, ম্যান্ডেট, ট্রেজারি প্রক্রিয়াকরণ WBiFMS 3.0-তে বাধ্যতামূলক হচ্ছে, অন্যদিকে প্রকল্প তত্ত্বাবধানে থাকছে কেন্দ্রীয় নজরদারি।”
আরও পড়ুন:
প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন নিজেদের অধীনস্থ DDO ও SAO-দের যথাযথ প্রশিক্ষণ দিয়ে নতুন ব্যবস্থায় অভ্যস্ত করে তোলেন। ভবিষ্যতে আরও বহু হেড অফ অ্যাকাউন্টস ও TR ফর্ম এই সিস্টেমে যুক্ত হবে বলে রাজ্য সরকার সূত্রে ইঙ্গিত।