পুবের কলম, ওয়েব ডেস্ক: দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে দূষণের মাত্রা কমার কোনো লক্ষণ নেই। এই দূষণের সরাসরি প্রভাব দেখা যাচ্ছে দেশবাসীর স্বাস্থ্যেও। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশের সর্বাধিক দূষিত শহর বিহারের কাটিহার। দ্বিতীয় নম্বরে রয়েছে দিল্লি।
সোমবার দেশের ১৬৩ টি শহরের দূষণের মাত্রা প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে।আরও পড়ুন:
ওই রিপোর্টে দেখা গেছে বিহারের কাটিহারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩৬০, যা গোটা দেশে সর্বোচ্চ। দিল্লির একিউআই ৩৫৪, নয়ডার ৩২৮, গাজিয়াবাদের ৩০৪। এছাড়া বিহারের বেগুসরাই, হরিয়ানার ফরিদাবাদ, বল্লভগড়, সিওয়ান, সোনিপথ, গোয়ালিয়র, গুরুগ্রামের দূষণও মাত্রাধিক।
এয়ার কোয়ালিটি ইনডেক্সের তালিকা অনুযায়ী একিউআই ০-৫০ এর মধ্যে থাকলে তা ভালো বলে বিবেচিত হয়। একিউআই ৫১-১০০ হলে সন্তোষজনক, ১০১-২০০ মাঝারি, ২০১-৩০০ খারাপ, ৩০১-৪০০ খুব খারাপ ও ৪০১-৫০০ হলে ওই এলাকাকে গুরুতর দূষিত বলে ধরে নেওয়া হয়। অন্যদিকে, সবথেকে কম দূষিত শহর বলে বিবেচিত হয়েছে, মিজোরামের রাজধানী আইজল।আরও পড়ুন:
কম দূষিত শহরের তালিকায় জায়গা করে নিয়েছে উটি, শিলং, শ্রীনগর, গ্যাংটক সহ উত্তর ও উত্তর-পূর্ব ভারতের কয়েকটি শহর।