রাজ্যের যুবকদের জন্য চালু হওয়া ‘যুবসাথী’ প্রকল্পের টাকা নিয়ে সমস্যার অভিযোগ সামনে আসতেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক উপভোক্তার মোবাইলে টাকা পাঠানোর মেসেজ এলেও এখনও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ জমা পড়েনি বলে অভিযোগ উঠেছে। এই ধরনের সমস্ত সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি।
সরকারি ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে অথবা অনলাইনে আবেদন করে বহু যুবক-যুবতী এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। গত ৭ মার্চ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোও শুরু হয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি স্পষ্ট নির্দেশ দেন, যেসব উপভোক্তার টাকা পাওয়া নিয়ে সমস্যা রয়েছে, সেগুলি দ্রুত যাচাই করে নিষ্পত্তি করতে হবে।
একই বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, যে কোনও দিন রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। সেই সঙ্গে আদর্শ আচরণবিধিও চালু হয়ে যাবে। তাই তার আগেই রাজ্যের নতুন প্রকল্পগুলির কাজ দ্রুত শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
‘যুবসাথী’ প্রকল্পের পাশাপাশি অন্তর্বর্তী বাজেটে খেতমজুরদের জন্য আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে। ইতিমধ্যে সেই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। খরিফ মরশুমের আগে খেতমজুরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার দিকেও জোর দিতে বলা হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ২১ থেকে ৪০ বছর বয়সি যুবকদের জন্য মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। চাকরি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ পাঁচ বছর এই সুবিধা পাওয়া যাবে। যদিও আনুষ্ঠানিকভাবে ১ এপ্রিল থেকে টাকা দেওয়ার কথা ছিল, তবে ৭ মার্চ থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে।