পুবের কলম প্রতিবেদক: কয়েকদিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে চলেছে রাজ্য থেকে। ১৭ অক্টবর থেকে ক্রমাগত কমতে থাকবে বৃষ্টির পরিমাণ। রবিবার থেকে দুই-চার দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আপাতত তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। মাঝে মাঝে কোনও কোনও জেলায় এক থেকে দুপশলা ভারী বৃষ্টিও হতে পারে।
আরও পড়ুন:
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্ষা বিদায় নেওয়ার পালা এলেও, আগামী কয়েক দিনের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৮ অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে সেটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এসে, আরও কিছুটা ঘনীভূত হয়ে ২০ অক্টোবর নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে। দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে এটি নিম্নচাপ হয়ে অবস্থান করবে। এরপর ২০ তারিখের পর এটি সমুদ্র পৃষ্ঠে শক্তি সঞ্চয় করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে।
প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূল। সরাসরি রাজ্যে এর প্রভাব পড়বে না বলেই এখনও পর্যন্ত মৌসম ভবন সুত্রে খবর।আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, উত্তরবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে। আগামী দুই থেকে তিন দিনে দক্ষিণবঙ্গ থেকেও বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা। আগামী ২৪ ঘণ্টাতে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তারপর থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না। উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।