পুবের কলম, ওয়েবডেস্ক: আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন ঐতিহ্যবাহী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে বড়সড় ছাঁটাইয়ের ঘোষণা করা হয়েছে। সংস্থাটির মোট কর্মীর প্রায় ৩৩ শতাংশকে ছাঁটাই করা হচ্ছে, যার ফলে ৩০০ জনেরও বেশি সাংবাদিক চাকরি হারিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার বহু কর্মীকে বাড়িতে থাকার নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার এই ছাঁটাইয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। সংস্থার মুখপাত্র জানান, প্রতিষ্ঠানটির মোট কর্মীর অন্তত এক-তৃতীয়াংশ চাকরি হারাবেন।
পাশাপাশি, ওয়াশিংটন-বাল্টিমোর গিল্ড ইউনিয়ন জানিয়েছে, নিউজরুমের ‘শত শত’ কর্মী এই সিদ্ধান্তে প্রভাবিত হবেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে—ব্যবসায়িক বিভাগ ও প্রায় ৮০০ সাংবাদিকের মধ্যে ৩০০ জনেরও বেশি বাদ পড়েছেন। বিশ্লেষকদের মতে, ডিজিটাল যুগে লাভজনক সংবাদমাধ্যমের মডেল দাঁড় করাতে ব্যর্থ হওয়াই এই কঠোর সিদ্ধান্তের প্রধান কারণ। প্রথম আট বছরে বেজোসের মালিকানায় সংস্থার সম্প্রসারণ ঘটলেও, সাম্প্রতিক বছরগুলোতে সংস্থাটি বড় আর্থিক চাপে পড়ে। ২০২৩ সালে পত্রিকাটির লোকসানের পরিমাণ দাঁড়ায় ১০০ মিলিয়ন ডলার।

ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক ম্যাট মারে বলেন,“আমরা দীর্ঘদিন ধরে একটি পুরোনো ব্যবসায়িক কাঠামোর ওপর নির্ভর করেছি। এখন সময় এসেছে সামনে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে বের করার এবং আরও শক্তিশালী ভিত্তি গড়ে তোলার।” সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতের কথা মাথায় রেখে কয়েকটি কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়িক বাস্তবতার কারণেই এই ছাঁটাই বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ক্রীড়া বিভাগ কার্যত বন্ধ করা হবে, মেট্রো বিভাগ সংকুচিত হবে এবং বই বিভাগ ও দৈনিক নিউজ পডকাস্ট বন্ধ হয়ে যাবে। পাশাপাশি, আন্তর্জাতিক কভারেজও কমানো হচ্ছে। মধ্যপ্রাচ্য, ভারত ও অস্ট্রেলিয়ার একাধিক প্রতিবেদক ও সম্পাদককে ছাঁটাই করা হয়েছে।