পুবের কলম ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সূচি প্রকাশের পরই নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। কমিশনের ঘোষণা  অনুযায়ী আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হবে রাজ্যে। এই সিদ্ধান্ত সামনে আসতেই কমিশনের তীব্র সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের বক্তব্য, দফা কমানোর মধ্য দিয়েই কমিশন কার্যত স্বীকার করে নিল যে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এভাবেই নির্বাচন কমিশনকে তীব্র আক্রমন করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 

রবিবার নির্বাচনসূচি ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কমিশন এতদিন ধরে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছিল। কিন্তু শেষ পর্যন্ত তারাই আট দফা থেকে ভোটের সংখ্যা কমিয়ে দুই দফায় নিয়ে এসেছে। তাঁর মতে, এই সিদ্ধান্তই প্রমাণ করে যে রাজ্যে আইনশৃঙ্খলার পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আগের নির্বাচনে আট দফায় ভোট করিয়ে একটি রাজনৈতিক উদ্দেশ্য সফল করার চেষ্টা হয়েছিল। তাঁর দাবি, বিজেপির প্রভাবেই নির্বাচন কমিশন সেই পরিকল্পনা করেছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তাঁর কথায়, এবারও সেই ধরনের কোনও পরিকল্পনা থাকলে তা কার্যকর হবে না।

এদিকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও এই ইস্যুতে আত্মবিশ্বাসী সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি বলেন, ভোট এক দফায় হোক বা দুই দফায়, যে কোনও পরিস্থিতির জন্যই দল প্রস্তুত। তাঁর দাবি, ফলাফল শেষ পর্যন্ত তৃণমূলের পক্ষেই যাবে। পাশাপাশি কটাক্ষ করে তিনি বলেন, ২০২১ সালের নির্বাচনে আট দফার ভোটে বিজেপি ৭৭টি আসন পেয়েছিল, এবার দুই দফার নির্বাচনে তাদের আসনসংখ্যা আরও কমে যেতে পারে। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, কমিশন একদিকে নিরপেক্ষতার কথা বলছে, কিন্তু বাস্তবে তাদের আচরণে সেই নিরপেক্ষতা দেখা যাচ্ছে না। তাঁর দাবি, সাম্প্রতিক বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে কমিশনের ভূমিকা নিরপেক্ষ ছিল না, অথচ এখন তারা নিরপেক্ষতার বার্তা দেওয়ার চেষ্টা করছে।