পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার বিকেলে আচমকাই আবহাওয়ার বড়সড় পরিবর্তন দেখা গেল বাঁকুড়ায়। দক্ষিণ বাঁকুড়ার একাধিক এলাকায় হঠাৎ করে কালো মেঘে ঢেকে যায় আকাশ। কিছুক্ষণের মধ্যেই দমকা হাওয়ার সঙ্গে শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই শিলাবৃষ্টি, সঙ্গে কোথাও কোথাও নামে প্রবল বৃষ্টি। খবর অনুযায়ী, রানিবাঁধ, খাতড়া ও হিড়বাঁধ ব্লকের বিভিন্ন এলাকায় এই শিলাবৃষ্টির প্রভাব পড়েছে।
আচমকা এই আবহাওয়ার পরিবর্তনে এলাকার পরিবেশও একেবারে বদলে যায়। এরফলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।আরও পড়ুন:
আলিপুর আবহাওয়া দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে দমকা হাওয়ার সঙ্গে শিল পড়তে শুরু করে। এরপর প্রায় এক ঘণ্টা ধরে দফায় দফায় চলতে থাকে প্রবল বৃষ্টি। এদিনের বৃষ্টির ফলে ফাগুনের গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ, তবে উদ্বেগে রয়েছেন কৃষকরা।
তাঁদের আশঙ্কা, শিলাবৃষ্টির কারণে মাঠে থাকা সব্জি ও আলুর ফসলের ক্ষতি হতে পারে। বিশেষ করে যেসব জমিতে এখন সব্জি ও আলুর চাষ রয়েছে, সেখানে ফলনের উপর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন চাষিরা। এ দিন বাঁকুড়ার পাশাপাশি বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং কলকাতাসহ রাজ্যের আরও কয়েকটি জেলায় কমবেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে আগামী কয়েক দিন। কয়েকটি জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া রাজ্যের অন্তত সাতটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।