পুবের কলম, কলকাতা: রাজ্যে দুর্যোগের ঘনঘটা। সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রাজ্যজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় পরিস্থিতি কালবৈশাখীর রূপ নিতে পারে বলে সতর্ক করা হয়েছে।
 
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর মতো ঝোড়ো হাওয়া বইতে পারে।

বিশেষ করে বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলোতে শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এর ফলে ফসলের ক্ষতির আশঙ্কাও প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।
 
এদিকে শহর কলকাতাতেও আজ আবহাওয়া মনোরম থাকলেও স্বস্তির বদলে অস্বস্তি বাড়াতে পারে ঝড়-বৃষ্টি। বিকেলের পর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও দেখা দিতে পারে।